বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা (আউট অব লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

\r\n

সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

\r\n

আদালতে ফারুক আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

গত ২৯ মে বিপিএল সংশ্লিষ্ট সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের নয়জনের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে তিনি সভাপতির পদ থেকেও সরিয়ে পড়েন।

\r\n

এর পরদিন, ৩০ মে এনএসসি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির নতুন পরিচালক হিসেবে মনোনীত করে। ওই দিন বিকেলেই বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন।

\r\n

এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদ হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, ২৯ ও ৩০ মে নেওয়া সিদ্ধান্তগুলো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে রুল জারি হলে, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সিদ্ধান্তগুলোর কার্যকারিতা স্থগিত রাখার আবেদন করা হয়। যুব ও ক্রীড়া সচিবসহ পাঁচজনকে বিবাদী করা হয় রিটে।

\r\n

তবে হাইকোর্ট প্রাথমিকভাবে শুনানি শেষে রিটটি তালিকা থেকে বাদ দিয়ে দেয়, যার ফলে বর্তমানে এনএসসি ও বিসিবির সিদ্ধান্ত কার্যকরই থাকছে।